সিলেটে শিশু একাডেমির সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
“সন্তানরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হল আগামীর বাংলাদেশ সুন্দর হবে” — জেলা প্রশাসক
মাহফুজ কাউসার ছাদি, সিলেট:
বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট জেলা শাখার আয়োজনে ২০২৫ সালের সাংস্কৃতিক বিভাগের সমাপনী সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) নগরীর রিকাবীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান এবং কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এবং সঞ্চালনা করেন বাচিক শিল্পী নাজমা পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালসহ গণপূর্ত অধিদপ্তর, সিলেটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, এই সময়টি তার দিনের সবচেয়ে আনন্দের সময়। তিনি দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করে জানান, আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফরে আসছেন। এ সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতির কারণে তিনি পর্যাপ্ত সময় দিতে পারেননি।
তিনি বলেন, “মায়েরা সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সন্তানদের ক্লাসে নিয়ে আসেন এবং আবার নিয়ে যান। আমি আশা করি, আমাদের সন্তানেরা নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে—যা আগামীর বাংলাদেশকে আরও সুন্দর করবে।”
অডিটোরিয়ামের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, এখানে থাকা ২২টি এসির অধিকাংশই নষ্ট। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২ কোটি টাকার বাজেট পাওয়া গেছে এবং ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থান সংকট নিরসনে জেলা প্রশাসক জানান, ওসমানী মেডিকেলের পাশের মহিলা ও শিশু সহায়তা কেন্দ্র অথবা শামসুদ্দিন মেডিকেলের পাশের ৮ তলা ভবনের যেকোনো একটিতে শিশু একাডেমির কার্যক্রম স্থানান্তরের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, সিলেটের অধীনে তিন ও পাঁচ বছর মেয়াদি বিভিন্ন কোর্স সম্পন্নকারী মোট ৩৪৩ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor: Lablu Miah
177, Mahtab Center, Room-8, Level-7, Bijoynagar
Puranapaltan, Dhaka-1000 
Email: lablumiah.yt@gmail.com
Phone: +8801739385988
Copyright © 2026 TopTen News. All rights reserved.