আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ৭ সিদ্ধান্ত
আলীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ইউনিয়নের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্তসমূহ:
১. শিক্ষা খাত:
ঐতিহ্যবাহী সৈয়দ নববী আলী কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি কলেজের লাইব্রেরি, খেলার মাঠ, গার্ডওয়াল, যাতায়াতের রাস্তা ও সার্বিক অবকাঠামো উন্নয়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
২. চার লেন সড়ক:
সিলেট–শেওলা চার লেন সড়ক প্রকল্পের কাজ দ্রুত শুরু এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়।
৩. নদীভাঙন প্রতিরোধ:
উত্তর আলীনগরে সুরমা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।
৪. সড়ক ও সেতু উন্নয়ন:
আলীনগর গ্রামের প্রধান সড়ক, বাইপাস, মসজিদগামী রাস্তার উন্নয়ন, গার্ডওয়াল নির্মাণ এবং দুটি ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব গৃহীত হয়।
৫. জলাবদ্ধতা নিরসন:
অভ্যন্তরীণ সড়ক, সুরমা ডাইক ও বাইপাস সড়কের পাশে স্থায়ী পাকা ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
৬. হাওর উন্নয়ন ও প্রবাসী সেবা:
হাওর এলাকায় রাস্তা, সুইস গেট নির্মাণ এবং প্রবাসীদের জমি, বাড়ি ও ব্যবসা-সংক্রান্ত সমস্যা সমাধানে বিয়ানীবাজারে ‘প্রবাসী হেল্প কর্নার’ চালুর প্রস্তাব গৃহীত হয়।
৭. স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামো:
আলীনগর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংস্কার, সেবার মানোন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে আলীনগর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে জনদাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় ইউকে বিএনপির নেতা মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, মোহাম্মদ আনোয়ার হোসেইন, বাবর চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শাহজাহান চৌধুরীসহ দেশ-বিদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও প্রবাসী নেতারা আলীনগর ইউনিয়নের উন্নয়নমূলক প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।