নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ভূমি অফিসের নায়েব আবুল কাশেমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম, অসদাচরণ ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে।
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, কর্মরত অবস্থায় সরকারি অফিসের শৃঙ্খলা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ না করে তিনি অনানুষ্ঠানিক পোশাকে অফিসে দায়িত্ব পালন ও সাধারণ জনগণকে সেবা প্রদান করেন।
এছাড়া বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, অতিরিক্ত অর্থ না দিলে অনেক ক্ষেত্রে সেবা পেতে হয়রানি ও বিলম্বের মুখে পড়তে হয়।
সম্প্রতি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক জগন্নাথপুর ভূমি অফিসে গিয়ে নায়েব আবুল কাশেমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি সহযোগিতামূলক মনোভাব না দেখিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকদের ভাষ্যমতে, এ সময় তিনি তাদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, “আপনারা যা খুশি তাই করেন, পারলে আমার নামে নিউজ করেন। আমার কিছু যায় আসে না।”
এ ঘটনায় স্থানীয় সেবাগ্রহীতা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে নায়েব আবুল কাশেমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।