এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (২৯ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম দৃশ্যমান হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কয়েকটি প্রকল্প ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু হবে।
তিনি বলেন, দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে উপযোগী জায়গাটি নির্বাচন করা হবে। এরপর দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।
মো. আমিনুল হক আরও বলেন, এমন জায়গা নির্বাচন করা হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন এবং খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জানান, একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গার প্রয়োজন হবে। পাশাপাশি সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি, যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে, সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিতে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।”
স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।ু