১১ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজের কর্মসূচি
মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মৌলভীবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সকাল ৯টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে দলীয় নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩১ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। দুপুরে জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদে) জোহরের নামাজ আদায়ের পর মৌলভীবাজার সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এতে ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণের কর্মসূচি ছিল।
বিকেলে জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কর্মসূচি শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সিলেট মহানগরী নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারি মো. শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যায়।