মাটি মামুন, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে করার অভিযোগে মো. লিওন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লিওন মিয়া গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি ফুলবাড়িচওড়া এলাকার সাফুল মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতারণা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিওন নিজেকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে মধ্য কচুয়া এলাকার মোকাররম হোসেনের মেয়ে মাহফুজা আক্তার রিয়া মনিকে বিয়ে করেন। নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ায় মেয়ের পরিবার বিষয়টি বিশ্বাস করে বিয়েতে সম্মতি দেয়।
অভিযোগ রয়েছে, লিওনের ব্যবহৃত পরিচয়পত্রে তার নিজের নামের পরিবর্তে ‘সম্রাট হোসেন সামিম’ নাম ব্যবহার করা হয়। ওই পরিচয়পত্রে ২০২১ সালের জুলাই মাসের ইস্যু তারিখ উল্লেখ ছিল। পরবর্তীতে নথিপত্র যাচাই করতে গিয়ে পরিচয়পত্রটি ভুয়া বলে সন্দেহের সৃষ্টি হয়।
বিয়ের পর ঘটনাটি নতুন মোড় নেয়। একপর্যায়ে লিওনের প্রথম স্ত্রী সন্তানসহ তার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার তার পরিচয় ও অতীত সম্পর্কে খোঁজখবর শুরু করে। তখন তার ভুয়া এনএসআই পরিচয় এবং জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগও সামনে আসে।
এছাড়া লিওনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে মামলার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভুয়া পরিচয় ও নথিপত্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মাহফুজা আক্তার রিয়া মনির বাবা মোকাররম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত লিওন মিয়াকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ভুয়া পরিচয়পত্র, জাল নথিপত্র ব্যবহার এবং প্রতারণার অভিযোগের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।x